খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালি বাজারে গণপিটুনিতে হাসান সরদার (৩৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসান সরদার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার জমা দিয়েছেন।
স্বজনদের অভিযোগ, রোববার বিকেলে হাসানের চায়ের দোকানের পাশে স্থানীয় খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রস্রাব করতে বসলে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে কুদ্দুসের ফোন পেয়ে স্থানীয় রাজনৈতিক কর্মী ও গরু হাটের ইজারাদার নামজুল হুদা মিন্টু ঘটনাস্থলে এসে হাসানকে মারধর করেন।
অভিযোগ রয়েছে, প্রথম দফার মারধরের পর কিছুটা সুস্থ হলে তাকে আবারও নির্যাতন করা হয়। সন্ধ্যার পর পুনরায় জ্ঞান ফিরলে হাতুড়ি, ইট ও দরজার হাক দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এশার নামাজের পর আবারও মারধরের ঘটনা ঘটে। পরে অবস্থার অবনতি হলে নসিমনযোগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. নয়ন কুমার সরকার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার জেরে সোমবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী কুদ্দুস গাজী ও তার ভাইয়ের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
অন্যদিকে অভিযুক্ত নামজুল হুদা মিন্টু দাবি করেছেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে গিয়ে আহত হাসানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কথা জানান তিনি। তার অভিযোগ, নিহত ও তার পরিবারের সদস্যরা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালের রিপোর্ট অনুযায়ী গণপিটুনিতেই হাসানের মৃত্যু হয়েছে। থানায় একটি এজাহার জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নিহতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন