নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
খুলনা বিভাগে পদায়নের জন্য ন্যস্ত ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসনিক কাঠামো, কার্যক্রম ও নাগরিক সেবাসম্পর্কে ধারণা দিতে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন একটি সেবা ও উন্নয়নমূলক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খুলনা মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেসিসির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগরীর সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা সিটি কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশিত অগ্রাধিকারমূলক কাজের মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, সবুজায়ন এবং মানুষের চাহিদা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত করা। এসব লক্ষ্য বাস্তবায়নে কেসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশ আমাদের সবার। গতানুগতিক কর্মধারা থেকে বেরিয়ে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একজন সেবাগ্রহীতা যেন সেবা গ্রহণ শেষে হাসিমুখে বাড়ি ফিরতে পারেন, সেই মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সুন্দর ব্যবস্থাপনার অন্যতম প্রধান শর্ত হলো সুন্দর ব্যবহার। কর্মজীবনের শুরু থেকেই জনগণের সঙ্গে আন্তরিক ও সৌজন্যপূর্ণ আচরণের মাধ্যমে নবীন কর্মকর্তারা জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ।
অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস।
উল্লেখ্য, ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কর্মসূচিতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও ভিডিও চিত্রের মাধ্যমে নবীন কর্মকর্তাদের কেসিসির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন