নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
পরিবেশসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ‘হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তবায়নে এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালনায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় হাসপাতালের বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, সংগ্রহ, সংরক্ষণ ও নিরাপদে অপসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, হাসপাতাল থেকে উৎপন্ন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই স্বাস্থ্যসেবার পাশাপাশি হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায়ও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, সহকারী পরিচালক ডা. মোস্তফা আল মামুন, খুলনা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান এবং হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ সাজ্জাদুল হাসনাত খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান।
প্রশিক্ষণে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন