কালো তালিকা থেকে বাদ বাংলাদেশের নাম
নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আইপিইউর তদন্তে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় কালো তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার (১১ অক্টোবর) সকালে তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম কনভেনশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত এপ্রিলে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিইউর ১৫২তম অধিবেশনে আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইপিইউর একটি প্রতিনিধি দল ঢাকায় এসে মাঠপর্যায়ে তদন্ত পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় কালো তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে।
স্পিকার আরও বলেন, আইপিইউতে বাংলাদেশের বিগত ১৬ থেকে ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের অভূতপূর্ব সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মানুষের এই সংগ্রাম সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অভিভূত করেছে এবং বাংলাদেশ সম্পর্কে আগে তৈরি হওয়া ভুল ধারণা দূর করতে ভূমিকা রেখেছে।
এদিকে, ১৫৩তম আইপিইউ কনভেনশনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব অর্জন করেছে। সম্মেলনে বাংলাদেশকে আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি, আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
স্পিকারের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়। কনভেনশন চলাকালে অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান, কানাডা ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ ছাড়া আইপিইউর মানবাধিকার কমিশনের সঙ্গেও সফল বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের অবস্থান জোরদার করা এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন