নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধে সারা দেশে শুরু হয়েছে ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। এ অভিযান সফল করতে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্য নৌযান দিয়ে ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ আহরণও নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট দেশের ৯টি জেলায় টহল ও মনিটরিং কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
গভীর সমুদ্রে দেশি-বিদেশি সব ধরনের মাছ ধরার নৌযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজ ও সামুদ্রিক টহল বিমান দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নৌবাহিনীর ফ্লিটের জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্ট সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজনন এলাকায় মোতায়েন রয়েছে।
অভিযান সফল করতে স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে নৌবাহিনী। অবৈধভাবে ইলিশ আহরণ এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। ইলিশ আহরণে নিয়োজিত অসাধু ব্যক্তি ও যান্ত্রিক মৎস্য নৌযানগুলোর ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশ সংরক্ষণে তারা নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন