নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যুবসমাজের কর্মসংস্থান, মাদকের বিস্তার রোধ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (১১ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগ। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো. হেলাল খন্দকার।
সভায় জানানো হয়, গত ১ অক্টোবর ২০২৬ তারিখে ৩৫ সদস্যবিশিষ্ট জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্যসচিব হিসেবে মো. হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক হিসেবে আলিফ আফিফ অন্তিক দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া খুলনা মহানগরীর সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানা শাখার নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের রাজনৈতিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় যুবশক্তি কাজ করতে চায়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল্লাহ চৌধুরী বলেন, অতীতে বাংলাদেশের রাজনীতিতে যুবসমাজকে অনেক ক্ষেত্রে দলীয় স্বার্থে কিংবা পেশিশক্তির অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। জাতীয় যুবশক্তি এ ধারার বাইরে গিয়ে তরুণদের মেধা, দেশপ্রেম ও কর্মমুখী নেতৃত্ব বিকাশে কাজ করবে।
তিনি আরও বলেন, খুলনার যুবসমাজের কর্মসংস্থানের অভাব, মাদকের বিস্তার ও কিশোর অপরাধের মতো সমস্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এ জন্য তরুণদের সংগঠিত করে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে বলা হয়, খুলনা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক তরুণদের সংগঠিত করা হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া এবং বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের কথা জানানো হয়।
সভায় নবগঠিত মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন