নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মামলার প্রকৃত আসামির পরিবর্তে প্রক্সি আসামি সেজে আদালত থেকে জামিন নেওয়ার অভিযোগে ফেরদৌস আলম সেতু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে খুলনার দিঘলিয়া উপজেলার বরইতলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফেরদৌস আলম সেতু দিঘলিয়ার শাহ আলম বিশ্বাসের ছেলে। রোববার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, দিঘলিয়া থানার সিআর-৬৩/২০২৫ নম্বর মামলার আসামি ফিরোজ আলম শাওন গত ১৬ মার্চ খুলনার জুডিশিয়াল আদালত-৪ থেকে জামিন নেন। পরে গত ২৩ এপ্রিল মামলার বাদী মুন্সী তরিকুল আমিন এফিডেভিটের মাধ্যমে আদালতকে জানান, মামলার প্রকৃত আসামি শাওন ওই সময় দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিলেন এবং তার পরিবর্তে অন্য একজনকে আসামি সাজিয়ে জামিন নেওয়া হয়েছে।
পরবর্তীতে গত ৭ জুলাই মামলার প্রকৃত আসামি শাওনের পক্ষে নতুন ওকালতনামাসহ স্বেচ্ছায় আত্মসমর্পণের আবেদন করা হয়। আবেদনের সঙ্গে দেওয়া পাসপোর্টের ফটোকপি যাচাই করে দেখা যায়, জামিন গ্রহণের সময় শাওন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিলেন।
এরপর গত ২২ জুলাই খুলনার জুডিশিয়াল আদালত-৪-এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে আইনজীবীর সহায়তায় জালিয়াতির মাধ্যমে প্রক্সি আসামির জামিন করানোর অভিযোগে প্রকৃত আসামি ফিরোজ আলম শাওন, অ্যাডভোকেট সরদার শাহজাহান আলীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজুর আবেদন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার এসআই মেহেদী হাসান খান জানান, জামিন জালিয়াতির মামলায় ফেরদৌস আলমকে শনিবার রাতে দিঘলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ মামলার অপর আসামি একজন আইনজীবী বর্তমানে জামিনে রয়েছেন। আরেক আসামি বিদেশে পলাতক অবস্থায় আছেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন