খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।
সোমবার এক প্রতিবাদপত্রে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল বলেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ‘সুন্দরবনে টুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি দাবি করেন, সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে। টোয়াসের নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বন বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।
প্রতিবাদপত্রে বলা হয়, পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে তারা মনে করছেন। এ ধরনের সংবাদ প্রকাশের ফলে সুন্দরবনের পর্যটন শিল্পের পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়তে পারেন।
টোয়াসের সাধারণ সম্পাদক প্রকাশিত সংবাদগুলো দ্রুত প্রত্যাহার করে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্য ও সংবাদসূত্র যথাযথভাবে যাচাই করার জন্য দায়িত্বশীল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
শাহ জামান খান পপুল বলেন, সুন্দরবনের পর্যটন ও পর্যটকদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। এতে পর্যটকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হওয়ার পাশাপাশি সুন্দরবনের পর্যটন খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রতিবাদপত্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল স্বাক্ষর করেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন