
নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালো কালি লেপনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি জানিয়েছেন, বিকৃত করা ওই স্থানে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হবে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে বিকৃত দেয়ালচিত্রটি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
কেসিসি প্রশাসক বলেন, মানুষের পছন্দ-অপছন্দ থাকতে পারে। তবে তা প্রকাশের নামে কোনো সম্মানিত ব্যক্তির প্রতিকৃতিতে কালি লেপন করা অসম্মানজনক ও বিদ্বেষমূলক। একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্যবর্ধন ও খুলনার ঐতিহ্য তুলে ধরতে এসব দেয়ালচিত্র আঁকা হয়েছে। প্রতিকৃতি বিকৃতির ঘটনায় পুলিশকে জানানো হয়েছে এবং জড়িতদের খুঁজে বের করতে বলা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকে কেসিসি। এর মধ্যে শিববাড়ী মোড়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালো কালি লেপনের পাশাপাশি রবীন্দ্রবিরোধী বক্তব্যসংবলিত পোস্টার সাঁটানো হয়।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, কারা কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন