
নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত করার ঘটনা ঘটেছে। কে বা কারা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। একই স্থানে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি এবং গ্রাফিতি আঁকা হয়। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালেও স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। সেই প্রতিকৃতির মধ্যে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
কিন্তু শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার, যেখানে তাঁর 'শিবাজী উৎসব' কবিতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
ইতিহাস, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী একজন বিশ্ববরেণ্য কবির প্রতিকৃতি এভাবে বিকৃত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, মতপার্থক্য বা কোনো সাহিত্যিক-ঐতিহাসিক বিতর্ক থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও সাংস্কৃতিক সৌজন্য বজায় রাখা প্রয়োজন।
এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে কেউ আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান তিনি।
কে বা কারা এবং কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃত করেছে, তা এখনো জানা যায়নি।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন