
নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বয়রাস্থ পুলিশ লাইন্সে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, সংযম, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে এমন কোনো আচরণ বা মন্তব্য করা যাবে না, যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে কোনো সমস্যা দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য ও তদারক কর্মকর্তা বা সুপারভাইজিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুলিশ সদস্যদের সাহস, আত্মবিশ্বাস ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন, সবার আন্তরিকতা, সতর্কতা ও সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপিত হবে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল এবং অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর এবং অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) (ভারপ্রাপ্ত)।
এ ছাড়া অনুষ্ঠানে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন