
নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসের বাইরে পাঠানো হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া চুয়েট ক্যাম্পাসে আর ফিরে না আসার শর্তে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি ক্যাম্পাস ছাড়েন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উদ্যোগে প্রশাসনিক ভবন থেকে উপাচার্যকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় একটি অ্যাম্বুলেন্সে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উপাচার্যকে প্রশাসনিক ভবনের নিচে নিয়ে আসার পর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইকে একটি শর্ত ঘোষণা করা হয়। এ সময় এক শিক্ষার্থী বলেন, “ভিসিকে আমরা ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছি একটি মাত্র শর্তে, সেটি হলো তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।”
শিক্ষার্থীদের এ শর্তের মধ্য দিয়েই উপাচার্যকে ক্যাম্পাস ছাড়তে দেওয়া হয়। তবে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন